মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পাওনা চাওয়ায় দোকানদার হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জে পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলী হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (১৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মিস্ত্রিপাড়া মহল্লার আ. সাত্তারের ছেলে নুর আমিন (২৯)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজরামপুর মিস্ত্রিপাড়ায় পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলীর সাথে নুর আমিনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানে থাকা রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় গুরুতর জখম করে নুর আমিন।

এ সময় স্থানীয়রা আহত রমজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই মো. নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে ওই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন।

চাঁপাই এক্সপ্রেস/এএআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14