নিজস্ব প্রতিবেদক : বৃষ্টি হলেই চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রায় ৭০ ভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা দেখা দিচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়ছে চাঁপাইনবাবগঞ্জ শহরবাসী।
বৃষ্টি হলেই জনমনে দেখা যায় চরম অসন্তোষ। বিগত কয়েকদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জে নিয়মিত বৃষ্টির কারণে প্রায় দেখা যাচ্ছে এ জলাবদ্ধতা তবে পৌর কতৃপক্ষের দিক থেকে এখন পর্যন্ত কোনো জোরালো পদক্ষেপ নিতে দেখা যায়। এই জলাবদ্ধতায় চলাফেরা করতে গিয়ে বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।
প্রাইমারি স্কুল পড়ুয়া এক শিশুর অভিভাবক জানান, আমার বাসা বালুবাগান বৃষ্টির কারণে আমাদের বাসায় যাওয়ার রাস্তায় (নিমতলা–মেথর পাড়ায়) প্রতিনিয়তই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনের নোংরা পানি হাঁটু পর্যন্ত জমে যায়। ছোট বাচ্চাকে নিয়ে বাসায় যেতে সমস্যা হয় জলাবদ্ধতার কারণ রিকশাও যেতে চায় না সে রাস্তা দিয়ে। যার কারণে নিরূপায় হয়ে হেঁটে যেতে হয়। কিন্তু হেঁটে যেতে গিয়ে ড্রেনের নোংরা পানি শরীরে লাগার কারণে আমার এবং আমার বাচ্চার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত দেখা দিচ্ছে। এভাবে চলতে থাকলে কি হবে? কতৃপক্ষের তো উচিৎ ব্যবস্থা গ্রহণ করা। তারা তো সময় মতো আমাদের কাছে ট্যাক্সের টাকা আদায় করে নিচ্ছে।
শহরের নিমতলার এক রিকশা চালক জানান, পৌরসভা তো প্রতিবছরে সময় মতো ট্যাক্স আদায় করে নিচ্ছে। এমন কি প্রতি বছর নিয়ম করে ট্যাক্স বাড়াচ্ছে কিন্তু জনগণের দিকে দেখছে না। জনগণের ট্যাক্সের টাকা খেয়ে যদি জনগণের জন্য কাজ না করে তাহলে জনগণের উচিৎ পৌরসভাকে ট্যাক্স দেওয়া বন্ধ করা।
নিমতলায় মোড়ের আরেক পথচারী জানান, হালকা বৃষ্টি হলেই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রায় ৭০ভাগ জায়গায় ড্রেনের নোংরা পনিতে ডুবে যায়। পৌরসভার লোক এগুলো দেখতে পাচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কিন্তু পৌরসভা তো সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় চলছে তারপরও কেনো সাধারণ জনগণ কে এতো ভোগান্তি পোহাতে হবে? চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কোনো সেবার মান ভালো না। অথচ বছর শেষ হলেই তারা ট্যাক্স বাড়ানোর জন্য নোটিশ পাঠিয়ে দেয়। এতো টাকা পৌরসভা কি করছে? তারা জনগণকে তো কোনো হিসাব কখন দিচ্ছে না। তাহলে সাধারণ মানুষের ট্যাক্সের এতো টাকা যাচ্ছে কোথায়?
প্রতিনিয়তই শহরে জলাবদ্ধতা সৃষ্টির কারণে ক্ষুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পৌরসভাকে ট্যাক্স প্রদান বন্ধ করারও হুশিয়ারি দিচ্ছেন অনেকে।
এসএমও
Leave a Reply