আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার ধোবড়া এলাকা থেকে ককটেল ও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকালে (৫৯ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।
(৫৯ বিজিবি’র) অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) আনুমানিক রাত ১২.৩০ টার দিকে বিজিবির একটি টহল দল আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে লুকিয়ে রাখা ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।এই অভিযানে বিজিবিকে সহায়তা করে পুলিশ।
(৫৯ বিজিবি’র) অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও মাদক মজুত করা হয়েছে। আটক আমিনুলের বিরুদ্ধে আগেও থানায় মাদকের মামলা রয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকবৃন্দের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচার সীমান্ত নিরাপত্তা কার্যক্রম কে আরো গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।