আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু কঠোর আইন প্রয়োগই যথেষ্ট নয়; বরং চালক, পথচারী ও যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা অত্যন্ত জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং লাইসেন্সবিহীন বা অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসন ও বিআরটিএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।