চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অনুমোদিত নকশা অনুযায়ী সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণকাজের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের ঝিলিম রোডের কালিতলায় ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝিলিম রোড জেলা শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এ সড়কের আশপাশে হাসপাতাল, মডেল থানা, রেজিস্ট্রি অফিস, স্কুল-কলেজ, সরকারি অফিস, আদালত, ব্যাংক, মার্কেট ও বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন।
বক্তারা আরও বলেন, সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণকাজে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নকশা অনুযায়ী নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় সড়কে চলাচল কঠিন হয়ে পড়েছে এবং জনসাধারণের ভোগান্তি দিন দিন বাড়ছে।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদিত নকশা অনুযায়ী সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি চলমান কাজের মান নিশ্চিত করে দ্রুত জনদুর্ভোগ নিরসনের আহ্বান জানান তারা।
সমাজ সেবক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।