আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে আজ ২৬ জুন শহীদ সাটু হলে বিকেলে বেহেশতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন আলাইহিস সালামের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ ইমরান হোসেন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ড. আবদুল্লাহ।
বক্তারা তাঁদের আলোচনায় কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট, ইমাম হোসাইন (আ.)-এর মহান আত্মত্যাগ এবং ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার যে শিক্ষা ইমাম হোসাইন (আ.) দিয়ে গেছেন, তা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য পাথেয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুফাসসির আলহাজ্ব মাওলানা মোঃ মুহসিন উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।